উত্তরদিনাজপুর

হাসপাতালে ভর্তি অসুস্থ স্ত্রীকে দেখতে আসার সময় মোটরবাইকের ধাক্কায় মৃত্যু হল স্বামীর

হাসপাতালে ভর্তি অসুস্থ স্ত্রীকে দেখতে আসার সময় মোটরবাইকের ধাক্কায় মৃত্যু হল প্রাক্তন পঞ্চায়েত প্রধানের। মঙ্গলবার রাতে এই ঘটনার জেরে চাঞ্চল্য এলাকায়। উত্তেজিত জনতা ঘাতক মোটরবাইকে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখায়। দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের তিনপুল এলাকায়। মৃত ব্যক্তির নাম হাসিবুর রহমান। মৃত হাসিবুর রহমান চোপড়া ব্লকের হাফতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। পড়ে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।   

        ইসলামপুর শহরের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন প্রাক্তন প্রধানের স্ত্রী নুসরত বানু। তাঁকে দেখতেই আসছিলেন হাসিবুর রহমান। রাস্তা পার হতে গিয়ে দ্রুত গতিতে আসা একটি মোটরবাইক তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থানেই মৃত্যু হয় প্রাক্তন প্রধান হাসিবুর রহমানের। উত্তেজিত জনতা ঘাতক মোটরবাইকে আগুন লাগিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইসলামপুর থানার পুলিশ ও দমকল ঘটনাস্থানে আসে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতালে পাঠায়। এই ঘটনার জেরে মৃতের পরিবারে শোকের ছায়া।